দ্য সিলেট প্রতিবেদক :

সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার মুজিবুর হত্যা মামলার এজাহারভূক্ত পাঁচ নারীসহ ছয় জন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় যৌথ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতার আসামিরা হলো- সিলেট এয়ারপোর্ট থানার লুসাইন এলাকার মখলিছ আলীর ছেলে বদরুল মিয়া (২৮), মনু মিয়ার স্ত্রী আফরেতা বিবি (৬৫), ছয়ফুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৬), মুহিবুর রহমানের স্ত্রী শেলী বেগম (২৮), আজির উদ্দিনের স্ত্রী আয়শা বেগম (৩২) এবং টিলাপাড়া এলাকার আমিন মিয়ার স্ত্রী বেগম বিবি (৪২)।
জানা যায়, গত ১৬ এপ্রিল সিলেট এয়ারপোর্ট থানাধীন লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্রকরে মুজিবুর রহমানকে আসামিরা লোহার রড ও লাঠিসোটা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুজিবুরের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তাকৃতরা সবাই এজাহারভূক্ত আসামি।


