দ্য সিলেট

শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

সিলেটের প্রশাসনকে এক সাপ্তাহ সময় বেঁধে দিলেন মন্ত্রী

দ্য সিলেট প্রতিবেদক ||

ছিনতাই ও রাহাজানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্ধারিত সময়ের মধ্যেই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে চান তিনি এবং এ সময়ের মধ্যে কোনো ধরনের অভিযোগ শুনতে চান না বলেও স্পষ্ট করেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়-এ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গত মাসের তুলনায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভার মাসিক প্রতিবেদন নিয়মিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হবে, যাতে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ-কে চোরাচালানের রুট ম্যাপ প্রস্তুত করে জমা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি অবৈধভাবে তেল পাচার রোধে ডিপোগুলোতে নজরদারি বাড়ানোর ওপর জোর দেন এবং ভর্তুকিযুক্ত তেল যাতে বাইরে চলে না যায় সে বিষয়ে কঠোর অবস্থান নিতে বলেন।

এছাড়া জেলায় অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমরান আহমদ চৌধুরী। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা সভায় অংশ নেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ