দ্য সিলেট

মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ, ১৪৩৩

শাহজালাল (রহ.) মাজারে দুই দিনব্যাপী ওরস শুরু

দ্য সিলেট প্রতিবেদক ||

সিলেটের দরগাহ-ই হযরত শাহজালাল (রহ.) প্রাঙ্গণে দুই দিনব্যাপী ৭০৬তম পবিত্র ওরস মোবারক রোববার (১৮ মে) গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয়েছে, যা বিকেল পর্যন্ত চলবে। আগামীকাল (১৯ মে) সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ওরস।

সংশ্লিষ্টরা জানিয়েছেন ওরসকে কেন্দ্র করে এরইমধ্যে মাজার এলাকায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার সকালে মাজার প্রাঙ্গনে গেলে দেখা গেছে, ভক্ত আশেকানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে ছুটে এসেছেন। ওরসে যোগ দিতে শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন মাজারে প্রাঙ্গণে। ভক্তদের পদভারে মুখর হয়ে উঠছে শাহজালাল মাজার এলাকা।

এদিকে মাজারে গিলাপ ছড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। ভক্তরা তাদের মানত করা টাকা পয়সা ও গরু ছাগল দেওয়া শেষ করেছেন।

মাজার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন জানায়, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, হযরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরসকে কেন্দ্র করে অশ্লীলতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, যেহেতু মাজার একটি পবিত্র জায়গা, সেজন্য এখানে কোন রকমের অশ্লীল ও অসামাজিক কাজ করা যাবে না। ওরসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় থাকবে।

তিনি আরও বলেন, মাজারের নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবেন।

হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানান, প্রতিবছরের মতো এবারও আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখে ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। আমরা ওরসকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ