দ্য সিলেট

সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ, ১৪৩৩

নামাজ আদায় ও সুরা মুখস্থের শর্ত দিয়ে মাদক মামলার আসামিকে জামিন

দ্য সিলেট রিপোর্ট ||

সিলেটে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আসামিকে ব্যতিক্রমধর্মী শর্তে জামিন দিয়েছেন আদালত। জামিন পেতে তাকে কুরআনের ১০টি সুরা অর্থসহ মুখস্থ, রাসূল (স.)-এর জীবনী পাঠ, ৫০টি গাছ রোপণ ও পরিচর্যা এবং মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করতে হবে।

বুধবার (৭ মে) সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক এমন শর্তারোপ করে তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, ওই আসামির নাম সাদ্দাম হোসেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি বিয়ানীবাজারের সুপাতলা গ্রামে বাস করছেন। মাদকাসক্তি ও বিক্রির অভিযোগে তাকে আটক করে কারাগারে পাঠায় পুলিশ।

জামিনের শর্ত অনুযায়ী, সাদ্দামকে প্রতি শুক্রবার নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি স্থানীয় মসজিদে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত থাকতে হবে। এছাড়াও আমপারার অন্তত ১০টি সুরা অর্থসহ মুখস্থ করতে হবে। তিনি চাইলে এগুলো শ্রবণের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন। একইসাথে রাসূল (স.)-এর জীবনচরিত পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সাদ্দামকে অন্তত ৫০টি গাছ রোপণ এবং সেগুলোর যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, এক বছরের জন্য তাকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকতে হবে এবং তার সব নির্দেশনা পালন করতে হবে। এই সময়কালে কোনো অপরাধে জড়ানো যাবে না এবং শান্তিপূর্ণ, সদাচারপূর্ণ জীবনযাপন করতে হবে। জামিনের শর্ত হিসেবে ৫০০ টাকার একটি বন্ড সম্পাদনের নির্দেশ দেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন, ‘আমরা আদালতের এমন মানবিক ও সংশোধনমূলক রায়কে স্বাগত জানাই। সাদ্দাম নিজের ভুল বুঝতে পেরেছে এবং এখন সৎ পথে চলার প্রতিশ্রুতি দিয়েছে।’

আদেশে আরও উল্লেখ রয়েছে, সাদ্দাম তার পরিবারের প্রতি দায়িত্বশীল থাকবেন এবং পারিবারিক বন্ধন অটুট রাখবেন। প্রবেশন কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি পেশা বা বাসস্থান পরিবর্তন করতে পারবেন না এবং আদালতের এখতিয়ারভুক্ত এলাকাতেই অবস্থান করতে হবে। সেই সঙ্গে মাদক ও সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ